কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের নেকরোজবাগ এলাকায় স্বামীর কোপে এক গৃহবধূর হাতের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে কেরানীগঞ্জ মডেল থানা এলাকার নেকরোজবাগে ডা. মাহবুব হোসেনের ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে স্বামী মো. স্বপন (২১) ও তার স্ত্রী মোসা. জান্নাতী (১৯)-এর মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে স্বপন ঘরে থাকা বটি দিয়ে স্ত্রীকে আঘাত করে। এ সময় জান্নাতী হাত দিয়ে আঘাত প্রতিহত করার চেষ্টা করলে বটির কোপ তার ডান হাতে লাগে এবং তার হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে বিচ্ছিন্ন কবজি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।