ইসলামিক বিধান অনুযায়ী চারটি বিয়ে করার পরও কাজীকে প্রভাবিত করে অর্থের বিনিময়ে আরও ২০ থেকে ২৫টি নাটকীয় বিয়ে করেছেন বলে অভিযোগ উঠেছে পুরান ঢাকার কুখ্যাত অপরাধী ব্রিক্সিস হান্নানের বিরুদ্ধে। ডাকাতি, ছিনতাই ও চুরিসহ তিন শতাধিক মামলার এই আসামি সম্প্রতি কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সূত্রাপুর থানার কলতা বাজার এলাকার বাসিন্দা ব্রিক্সিস হান্নান দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে জড়িত। এলাকাবাসীর দাবি, কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নতুন করে বিয়ে করা এবং পুনরায় জেলে গেলে সেই সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়া ছিল তার নিয়মিত অভ্যাস।
বুধবার দুপুরে কেরানীগঞ্জের কদমতলী এলাকার বিটি টাওয়ারের কাছে এনআরবিসি ব্যাংকের সামনে ডাকাতির প্রস্তুতিকালে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে হান্নান ও তার সহযোগী সাব্বির গ্রেপ্তার হন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের আরও পাঁচ থেকে ছয় সদস্য পালিয়ে যায়।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় চুরি, ছিনতাই ও পকেটমারির মাধ্যমে অপরাধ জগতে প্রবেশ করেন হান্নান। পরে তিনি সংঘবদ্ধ ডাকাত দলের নেতৃত্বে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বের হওয়া গ্রাহকদের টার্গেট করে অস্ত্রের মুখে লুটপাটে জড়িয়ে পড়েন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি তদন্তকারীদের।
ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি সফিকুল ইসলাম সুমন যুগান্তরকে বলেন, “ব্রিক্সিস হান্নান দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার অপরাধ সংঘটনের কৌশল ছিল অভিনব। তাকে এবং তার সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, হান্নানের বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলা, তার অপরাধচক্রের নেটওয়ার্ক এবং একাধিক বিয়ের অভিযোগের বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে। পালিয়ে যাওয়া সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।