সাব্বির, জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাকসু নির্বাচন চলাকালীন দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
বুধবার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) মো. মাহতাব উজ জাহিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এর আগে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে জাকসু নির্বাচনের ভোট গণনার দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশন কার্যালয়ে প্রবেশের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জান্নাতুল ফেরদৌস মৌমিতা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকাল সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশন কার্যালয়ের প্রবেশপথে তিনি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয় এবং সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রয়াত জান্নাতুল ফেরদৌস মৌমিতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চিত্রকলা শৃঙ্খলার ৪২তম আবর্তনের শিক্ষার্থী ছিলেন। তিনি ২০১৬ সালে বিএফএ এবং ২০১৮ সালে এমএফএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে একই বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা পেশায় যুক্ত হন।