• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

তালাক ছাড়াই নাসির-তামিমার বিয়ে: ব্যভিচারের মামলায় বাংলাদেশে প্রথম রায় বুধবার

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

তালাক না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানার বিরুদ্ধে করা মামলার রায় আগামীকাল বুধবার। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ রায় ঘোষণা করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসান।

মামলার শুনানি শেষে গত ৬ মে ঢাকার আদালত রায়ের জন্য ১০ জুন দিন নির্ধারণ করেন। ওইদিন বাদী ও আসামিপক্ষের আইনজীবীরা তাদের চূড়ান্ত যুক্তি উপস্থাপন করেন।

বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান আদালতের কাছে নাসির হোসেন ও তামিমা সুলতানার সর্বোচ্চ শাস্তির আবেদন জানান। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি দাবি করে খালাস প্রার্থনা করেন। শুনানির সময় উভয় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে, গত ১৬ এপ্রিল মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ হয়। আদালত মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি আদালত নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তবে তামিমার মা সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমা সুলতানার সঙ্গে রাকিব হাসানের বিয়ে হয় এবং তাদের একটি কন্যাসন্তান রয়েছে। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি রাকিব হাসানের নজরে আসে। পরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে তিনি বিস্তারিত জানতে পারেন।

বাদীর অভিযোগ, তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তামিমা ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেন, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী অবৈধ। এছাড়া নাসির হোসেন তামিমাকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়ে গেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার সাবেক স্বামী রাকিব হাসান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। এখন আদালতের রায়ের দিকে তাকিয়ে আছেন সংশ্লিষ্ট পক্ষসহ আইনজীবী মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...