• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

প্রচারের শেষ দিনে সহিংসতা ও ভোটকেন্দ্র দখলের আশঙ্কা: আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

ঢাকা-২ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান অভিযোগ করেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষদিনে উদ্দেশ্যমূলকভাবে ভোটকেন্দ্র দখল, ব্যালট ছিনতাই ও বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা চলছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে আমান বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপির বহু নেতাকর্মী জীবন দিয়েছেন। জুলাই আন্দোলনে রিয়াজ, আবু সাঈদ ও ওয়াসিম শহীদ হন। সাম্প্রতিক সময়ে ইনকিলাব মঞ্চের হাদি ও কেরানীগঞ্জের হাসান মোল্লাকেও গুলি করে হত্যা করা হয়েছে। তাঁর দাবি, একই চক্র এখন আবার জনগণের ভোটাধিকার হরণে সক্রিয়।

তিনি জানান, ঢাকা-২ আসনের ১৪১টি ভোটকেন্দ্রে বহিরাগতদের ব্যবহার করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে। ব্যালট পেপার ছিনতাইয়ের সম্ভাব্য পরিকল্পনার খবর পাওয়ার কথা উল্লেখ করে তিনি প্রশাসনের জরুরি ও কঠোর ভূমিকা প্রত্যাশা করেন।

নির্বাচন বানচালের উদ্দেশ্যে বিস্ফোরক ও অস্ত্র মজুদের অভিযোগে যৌথ বাহিনী সাভার ও কেরানীগঞ্জ এলাকায় কয়েকজনকে আটক করেছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন আমান উল্লাহ। তাঁর ভাষায়, এসব ঘটনা একটি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে।

একই সঙ্গে তিনি তার সময়কার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, বাবুবাজার–জিনজিরা সেতু নির্মাণ এবং বুড়িগঙ্গার ওপর একাধিক সেতু স্থাপনের মাধ্যমে কেরানীগঞ্জের সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যবস্থা সহজ করা হয়েছে।

তিনি আরও জানান, তাঁর আমলে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, ৮টি কলেজ ও ১৫টি উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে। আমিনবাজার, তেতুলজোড়া ও ভাকুতা এলাকাসহ পুরো ঢাকা-২ আসনে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে বলেও দাবি করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, নির্বাচিত হলে ঢাকা-২ আসনকে চাঁদাবাজ, সন্ত্রাসী ও ভূমিদস্যুমুক্ত করা হবে।

সংবাদ সম্মেলনে আমান উল্লাহ আমান আরও বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারকে মাসিক ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। সাংবাদিকদের জন্য আবাসনের ব্যবস্থাও করা হবে। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের জন্য বিশেষ সুবিধার পরিকল্পনা হাতে নিয়েছেন।

শেষে তিনি বলেন, বিএনপি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...