কেরানীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনেও ঢাকা–২ ও ঢাকা–৩ আসনে কোনো প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়াননি। ফলে দুই আসন মিলিয়ে মোট ১১ জন প্রার্থী চূড়ান্তভাবে ভোটের লড়াইয়ে থাকছেন। আগামীকাল বুধবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ তথ্য জানান কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ঢাকা–২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কেরানীগঞ্জ উপজেলার বাস্তা, শাক্তা, কালিন্দী, রোহিতপুর, কলাতিয়া, তারানগর ও হযরতপুর ইউনিয়ন এবং সাভার উপজেলার আমিনবাজার, ভাকুর্তা ও তেঁতুলঝোড়া ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা–২ আসনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে সবাই বৈধতা পাওয়ায় এবং কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় তিনজনই চূড়ান্ত প্রার্থী হিসেবে থাকছেন।
অন্যদিকে, জিনজিরা, তেঘরিয়া, আগানগর, শুভাঢ্যা ও কোন্ডা ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা–৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেন ১৬ জন। যাচাই-বাছাইয়ে আটজনের মনোনয়ন বাতিল হলেও বাকি আটজন প্রার্থী নির্বাচন থেকে সরে না দাঁড়ানোয় তারাই বর্তমানে চূড়ান্ত প্রতিযোগিতায় রয়েছেন।
এদিকে ঢাকা–৩ আসনে জাতীয় পার্টির এক প্রার্থীর বিষয়টি এখনো ঝুলে আছে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা। তিনি বলেন, উচ্চ আদালতে আপিলের মাধ্যমে ওই প্রার্থী মনোনয়নপত্রের বৈধতা পেলেও চূড়ান্ত তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়নি। এ বিষয়ে নির্বাচন কমিশনের পরবর্তী নির্দেশনার ওপর সিদ্ধান্ত নির্ভর করছে।
এ রকম আরো সংবাদ...