• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

‘প্রার্থীদের প্রচারণায় নির্বাচন যতটা গুরুত্ব পাচ্ছে, ততটা গুরুত্ব পাচ্ছে না গণভোট’ : জাবি প্রো-ভিসির উদ্বেগ।

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

সাব্বির, জাবি প্রতিনিধি:

নির্বাচনী সংবাদ সংগ্রহে বস্তুনিষ্ঠতা বজায় রাখা এবং পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও সাভার এলাকার গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মশালার সমাপ্তি ঘটে।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এই কর্মশালার দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “আসন্ন নির্বাচন ও গণভোট দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে লক্ষ্য করা যাচ্ছে যে, প্রার্থীদের ব্যক্তিগত ও দলীয় প্রচারণায় নির্বাচন যতটা গুরুত্ব পাচ্ছে, সেই তুলনায় গণভোট নিয়ে জনসচেতনতা বা গুরুত্ব ততোটা পরিলক্ষিত হচ্ছে না। এক্ষেত্রে সাধারণ মানুষকে সঠিক তথ্য দিয়ে সচেতন করতে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি কাজী জেবেল।

তিনি নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা, ভুয়া তথ্য (Misinformation) ও গুজব শনাক্তকরণ এবং ফ্যাক্ট চেকিংয়ের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রশিক্ষণের সমন্বয়ক ও পিআইবি প্রতিনিধি বেগম শাহেলা আক্তার ওনার বক্তব্যে অংশগ্রহণকারী সাংবাদিকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, “সংবাদকর্মীরা প্রতিকূল পরিবেশেও মাঠ পর্যায়ে থেকে তথ্য সংগ্রহ করেন। আমরা আশা করি এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান আপনাদের সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আরও উৎসাহিত করবে।”

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) সভাপতি মেহেদী মামুন।

তিনি বলেন, “নির্বাচনকালীন সাংবাদিকতা অত্যন্ত চ্যালেঞ্জিং। এই দুই দিনের প্রশিক্ষণে আইনি কাঠামো ও নৈতিকতা বিষয়ে যে ধারণা দেওয়া হয়েছে, তা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে।”

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি শুরু হওয়া এই কর্মশালায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ সাভার, আশুলিয়া ও ধামরাই অঞ্চলের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে ছিলেন গণমাধ্যম বিশেষজ্ঞ জিয়াউর রহমান। সমাপনী দিনে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...