বরগুনার বেতাগীতে দীর্ঘদিন বন্ধ থাকার পর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় পুনরায় খুলেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বেতাগী পৌর শহরে অবস্থিত কার্যালয়ে গিয়ে তারা তালা খুলে প্রবেশ করেন এবং দলীয় স্লোগান দেন। এ সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চব্বিশের ৫ আগস্ট থেকে বেতাগী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টি তালাবদ্ধ ছিল। সোমবার সকাল ১০টার দিকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদার ও সাবেক সাধারণ সম্পাদক শামীমের নেতৃত্বে নেতাকর্মীরা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন।
এ সময় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন। পরে কার্যালয়টি পরিষ্কার-পরিচ্ছন্ন করে পুনরায় সাংগঠনিক কার্যক্রম শুরু করার ঘোষণা দেওয়া হয়।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদার বলেন, দলীয় কার্যালয় একটি রাজনৈতিক সংগঠনের কার্যক্রম পরিচালনার কেন্দ্রবিন্দু। কার্যালয় দীর্ঘদিন বন্ধ থাকায় নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছিল।
এ সময় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম বলেন, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় রাখতে এবং সংগঠনকে শক্তিশালী করতে নিয়মিত সভা-সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হবে।