• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে ভোটের মাঠ ছাড়লেন স্বতন্ত্র প্রার্থী

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী শরাফ উদ্দিন আজাদ সোহেল নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। একই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজানকে সমর্থন জানিয়েছেন তিনি।

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুর জেলা শহরের গোডাউন রোড এলাকার বশির ভিলা হলরুমে জরুরি সংবাদ সম্মেলন ডেকে এ ঘোষণা দেন তিনি। শরাফ উদ্দিন আজাদ সোহেল বৃহত্তর রামগতি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। কাপ পিরিচ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেন তিনি।

এ সময় বিএনপি নেতা নিজান ও সোহেলের হাতে ধানের শীষের প্রতীক তুলে দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

নির্বাচন থেকে সরে দাঁড়ানো শরাফ উদ্দিন আজাদ সোহেল বলেন, ‘আমার নেতা তারেক রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার নির্দেশে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। একই সঙ্গে লক্ষ্মীপুর-৪ আসনে ধানের শীষ প্রার্থীর বিজয়ের জন্য আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে বলে ঘোষণা দিলাম।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, রামগতি উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, সদস্য ও লক্ষ্মীপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আ ন ম মঞ্জুর মোর্শেদ, রামগতি পৌরসভা বিএনপির সভাপতি শাহেদ আলী পটু ও চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...