ভারতের বিহার রাজ্যের বক্সার জেলায় বিয়ের অনুষ্ঠানে প্রেমিকের গুলিতে আহত হয়েছেন প্রেমিকা। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ১৮ বছর বয়সী আরতি কুমারীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অভিযুক্ত যুবকের। তার নাম দ্বীনবন্ধু।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বিয়ের অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুরো অনুষ্ঠানস্থল আতঙ্কে ছিন্নভিন্ন হয়ে পড়ে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আরতি অন্য একজনকে বিয়ে করতে যাচ্ছিলেন। বিয়ের আনুষ্ঠানিকতা চলাকালীন সময়ে, ভিড়ের আড়াল থেকে দ্বীনবন্ধু আরতির পেটে গুলি ছোড়েন। এ সময় আগত অতিথিরা চিৎকার শুরু করেন এবং দৌড়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
আহত আরতিকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর ডাক্তাররা তাকে ভারনসির ট্রমা সেন্টারে স্থানান্তরের পরামর্শ দেন। চিকিৎসকরা জানিয়েছেন, গুলিবিদ্ধ আরতির অবস্থা গুরুতর।
পুলিশ জানিয়েছে, গুলি করার পর দ্বীনবন্ধু ঘটনাস্থল ত্যাগ করেন। তার বাবা-মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এ বিষয়ে পুলিশের অতিরিক্ত স্টেশন হাউস অফিসার চন্দন কুমার জানিয়েছেন, দ্বীনবন্ধুর বিরুদ্ধে আগে মদ সংক্রান্ত এক মামলা ছিল। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঘটনার সময় বিয়ের বরযাত্রীরা উত্তরপ্রদেশের বাল্লিয়া থেকে এসেছিলেন। গুলির পর তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
এ রকম আরো সংবাদ...