• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত চারজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির আয়োজিত প্রদর্শনীতে ‘জুডিশিয়াল কিলিং’ শিরোনামে জামায়াতে ইসলামীর কয়েকজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেতা এবং বিএনপির সাবেক নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রদর্শন করা হয়। এ নিয়ে আপত্তি জানিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা ব্যানারটি সরিয়ে নেওয়ার দাবি জানান। পরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে একপর্যায়ে তা হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।

অভিযোগ উঠেছে, এ সময় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ছাত্রশিবিরের এক কর্মীকে মারধর করেন। পরে গাছের ডাল, চেয়ার ও লাঠিসোঁটা দিয়ে হামলা চালানোর ঘটনাও ঘটে। এতে শিবির নেতা মেহেদী হাসানসহ কয়েকজন আহত হন বলে শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ঘটনার পর ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের সড়ক ও মাঠ এলাকায় অবস্থান নেন। অন্যদিকে ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের দিকে অবস্থান নেন। এ সময় দুই পক্ষকে পাল্টাপাল্টি স্লোগান দিতে দেখা যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। তবে উত্তেজনা অব্যাহত থাকে। পরে ছাত্রদলের প্রচার সম্পাদক মাসুদ রানা বস্তায় করে ভাঙা ইট নিয়ে এসে শিবির নেতাকর্মীদের লক্ষ্য করে ছুড়লে ফের সংঘর্ষ শুরু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসের বাইরে চলে গেলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

ছাত্রশিবিরের সভাপতি রাকিব মুরাদ অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ে কোনো অপ্রীতিকর ঘটনার দায় প্রশাসনকেই নিতে হবে। তার দাবি, প্রদর্শনী নিয়ে আপত্তি থাকলে প্রশাসনের মাধ্যমে বিষয়টি সমাধানের সুযোগ ছিল।

অন্যদিকে বেরোবি ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন অভিযোগ করেন, শহীদ আবু সাঈদের ক্যাম্পাসে ‘রাজাকারের ব্যানার’ প্রদর্শনের প্রতিবাদ করায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। তিনি এ ঘটনার জন্য শিবির নেতাকর্মীদের দায়ী করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, সংঘর্ষে জড়িতদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হবে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পরও ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় পুনরায় সংঘর্ষের আশঙ্কায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...