ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, এলাকায় ছিনতাই ও লুটপাটের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। চাঁদাবাজি এক হাত থেকে আরেক হাতে যাচ্ছে—এ অবস্থা কোনোভাবেই চলতে পারে না।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কেরানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের উদ্দেশে নিপুণ রায় বলেন, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের প্রকাশ্যে তুলে ধরতে হবে। অপরাধী যত বড় প্রভাবশালীই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে হবে। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বুড়িগঙ্গা নদী রক্ষায় সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, নদী দূষণমুক্ত করতে সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত উদ্যোগ জরুরি। একই সঙ্গে কদমতলি-কোনাখোলা সড়কের দুরবস্থার কথা উল্লেখ করে দ্রুত সংস্কার ও যানজট নিরসনের দাবি জানান তিনি।
এছাড়া অবৈধভাবে গ্যাস সংযোগ প্রদান, বাসাবাড়ি ও অলিগলিতে কেমিক্যাল গোডাউন গড়ে ওঠা এবং বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নিপুণ রায়। তিনি বলেন, ওয়ার্ডভিত্তিক টেন্ডার দেওয়া হলেও কার্যকর ডাম্পিং সিস্টেম না থাকায় সমস্যা থেকে যাচ্ছে।
তিনি আরও বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে। কিন্তু আওয়ামী লীগ নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে। জনগণ তাদের সেই অপচেষ্টা সফল হতে দেবে না বলেও মন্তব্য করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা রাজস্ব সার্কেলের কর্মকর্তা আলতাফ আহমেদ, কেরানীগঞ্জ মডেল থানা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের প্রশাসক সাত্তার বেগ এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।