চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) জাতীয় সংসদীয় আসনে অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল এর দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্রে কোনো প্রকার অসঙ্গতি বা আইনগত ত্রুটি না পাওয়ায় তা বৈধ বলে ঘোষণা করেন।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার মধ্য দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ আসনে অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হলো। এ ঘোষণার পর এলাকায় তাঁর নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনেকেই এটিকে ভোলা-৪ আসনের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার প্রতিক্রিয়ায় অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেন, “আমি সর্বশক্তিমান আল্লাহর ওপর ভরসা রেখে এবং সাধারণ মানুষের দোয়া ও সমর্থন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি। ভোলা-৪ আসনের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নৈতিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে তিনি অগ্রাধিকার দেবেন। সাধারণ মানুষের অধিকার রক্ষা ও দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠার বিষয়েও তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
এদিকে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোলা-৪ আসনে এবারের নির্বাচন হবে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের অংশগ্রহণে ভোটের মাঠে জমে উঠবে লড়াই। তবে অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালের মনোনয়নপত্র বৈধ ঘোষণার ফলে তাঁর নির্বাচনী কার্যক্রম আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ভোলা-৪ আসনটি চরফ্যাশন ও মনপুরা উপজেলা নিয়ে গঠিত। এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অবকাঠামো উন্নয়ন, নদীভাঙন রোধ, শিক্ষা ও চিকিৎসাসেবার উন্নয়নের দাবি জানিয়ে আসছে। এসব সমস্যা সমাধানে কে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবেন—সেদিকেই তাকিয়ে আছে এই আসনের ভোটারর।
এ রকম আরো সংবাদ...