• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

মধ্যরাতে উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরাপত্তা প্রদানে ব্যর্থতার প্রতিবাদে দফায় দফায় শিক্ষার্থীদের কর্মসূচি চলছে।

বুধবার (১৩ মে) রাত সাড়ে ১০টায় ‘নিপীড়ন বিরোধী মঞ্চ’ নামের একটি প্ল্যাটফর্ম থেকে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা।

মিছিলে শিক্ষার্থীরা ‘ধর্ষকের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘ক্যাম্পাসে ধর্ষণ করে, প্রক্টর কী করে?’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। মিছিল শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি জানান।

তাদের দাবিগুলো হলো- ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমকে দায় স্বীকার করে পদত্যাগ করতে হবে, ব্যর্থতার দায় স্বীকার করে প্রক্টরিয়াল বডিকেও পদত্যাগ করতে হবে, নারী শিক্ষার্থীদের হেনস্তা প্রতিরোধে কুইক রেসপন্স কার্যকরী টিম গঠন করতে হবে, ক্যাম্পাসে নারী নিরাপত্তাকর্মী নিয়োগ দিতে হবে এবং কুইক রেসপন্স টিমে যুক্ত করতে হবে।

ju campus1

এর আগে, এদিন দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সভা করেন শিক্ষক-শিক্ষার্থীরা। বিক্ষোভ সভা শেষে একটি সমাবেশ করেন তারা। সমাবেশে ‘নিপীড়ন বিরোধী মঞ্চ’ নামে একটি প্ল্যাটফর্ম তৈরির ঘোষণা দেওয়া হয়। এসময় ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করাসহ অন্যান্য দাবি জানান তারা।

এছাড়া বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ ছাত্রশিবিরের ক্যাম্পাস শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এসময় একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সন্ধ্যা ৬টায় ছাত্র ফ্রন্ট এর পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ শেষে বিভিন্ন দাবিতে ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে পোস্টার সাঁটিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে, গত মঙ্গলবার রাত ১১টার দিকে ক্যাম্পাসের একটি সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় এক ছাত্রীকে টেনেহিঁচড়ে ঝোপে নিয়ে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. জেফরুল হাসান বাদী হয়ে বুধবার বিকেলে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...