• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

সিঙ্গাপুরের স্বপ্ন দেখিয়ে দেশকে ‘আজিমপুর’ বানানো হয়েছে: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু বাস্তবে দেশকে ‘আজিমপুর’ বানানো হয়েছে। স্বপ্ন দেখালে তার বাস্তবায়নও করতে হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কেরানীগঞ্জে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সাংবাদিক বা রাজনীতিবিদদের কোনো তদবির গ্রহণ করা উচিত নয়। তদবির গ্রহণ করলে সংশ্লিষ্ট কর্মকর্তারাও অপরাধের দায় এড়াতে পারবেন না। জনপ্রতিনিধি হিসেবে এসব বিষয়ে নজর রাখা হবে এবং প্রয়োজনে জাতীয় সংসদে বিষয়গুলো উত্থাপন করা হবে বলেও জানান তিনি।

পরিবেশ দূষণ প্রসঙ্গে তিনি বলেন, চুনকুটিয়া খালের অস্তিত্ব আজ প্রায় বিলীন। একসময় শুভাঢ্যা খালে সাঁতার কেটে গোসল করা গেলেও এখন সেখানে হাত দিলেই হাত পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। পরিবেশের ভয়াবহ অবনতিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর তুলনায় বাংলাদেশ পিছিয়ে পড়ছে।

শিক্ষা ব্যবস্থার গুণগত মান নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, শিক্ষিত মানুষের সংখ্যা বাড়লেও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যাচ্ছে না। অনেক স্কুলশিক্ষক নিজের সন্তানকে নিজে পড়ান না—এতে শিক্ষা ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট হয়। বিজ্ঞান ও প্রযুক্তিকে সময়োপযোগী করা, চিকিৎসা সেবা সহজলভ্য করা এবং মেধা, দক্ষতা ও সৃজনশীলতার বিকাশে জোর দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে হাসপাতাল, থানা-ফাঁড়ি এমনকি কারাগারেও মাদক প্রবেশ করেছে। মাদক বাজারজাতকারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান গয়েশ্বর চন্দ্র রায়।

বিএনপির ৩১ দফা আন্দোলনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন সময় সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর সমাধান দেওয়ার। স্বাধীনতার পর থেকে দেশ সুষ্ঠু শাসনব্যবস্থা থেকে বঞ্চিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর আদর্শের অনুসারী এবং পরিবর্তনের সূচনা এখনই করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা রাজস্ব সার্কেল আলতাফ আহমেদ, কেরানীগঞ্জ মডেল থানা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের প্রশাসক সাত্তার বেগ এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামসহ অন্যান্যরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...