বিয়ের এক মাস পর ভক্তদের ঈদের শুভেচ্ছার পাশাপাশি বিয়ের সুখবর দিলেন লাক্স তারকা অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। সোশ্যাল মিডিয়ায় ঈদের দিন দুপুরে বিয়ের কয়েকটি ছবি পোস্ট করে ভক্তদের এই সুখবর জানান তিনি।
পোস্টে সুদর্শনী অভিনেত্রী ও মডেল নীলাঞ্জনা নীলা বলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমি ও কাউসার মাহমুদ গত ৬ ফেব্রুয়ারি পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি।’
দীর্ঘদিনের প্রেম ও পারিবারিকভাবেই নীলাঞ্জনা ও কাউসার নতুন অধ্যায় শুরু করেন। বিয়ের অনুষ্ঠানে পারিবারিক ঘনিষ্ঠ কয়েকজনের উপস্থিতিতে সীমিত আয়োজনে সম্পন্ন হয়েছে।
ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া প্রার্থনা চেয়ে অভিনেত্রী বলেন, ‘আমরা আমাদের এই নতুন পথচলার জন্য সকলের দোয়া, ভালোবাসা ও শুভকামনা প্রত্যাশা করছি, যেন আগামী জীবন পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও শান্তিতে পরিপূর্ণ হয়।’
লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে নীলাঞ্জনা নীলা শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন। বেশ কিছু জনপ্রিয় বিজ্ঞাপনের পাশাপাশি অসংখ্য নাটক-টেলিফিল্মে অভিনয় করেন।নীলাঞ্জনার প্রথম সিনেমা বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’ দর্শকমহলে সমাদৃত হয়। দীর্ঘ বিরতির পর ২০২৪ সালে একই নির্মাতার ‘শ্যামা কাব্য’ সিনেমায় অভিনয় করেন তিনি।