• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার পাল্টা অভিযোগ ছাত্রদল নেতার

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

স্ত্রী উম্মে জেবিনের বিরুদ্ধে প্রতারণার পাল্টা অভিযোগ তুলেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মাইদুল ইসলাম বাপ্পি। বাপ্পির দাবি, তার স্ত্রী মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার জন্য অতীত সম্পর্ক গোপন করে প্রতারণার আশ্রয় নিয়েছেন। এ সংক্রান্ত টাকা দাবির একটি অডিও রেকর্ডও প্রতিবেদকের হাতে এসেছে। তবে প্রতিবেদকের হাতে আসা ভিন্ন একটি কল রেকর্ড ও ভিডিওতে বাপ্পির দাবির সঙ্গে সাংঘর্ষিক তথ্য পাওয়া গেছে।

এর আগে, গত সোমবার (১৫ জুন) ছাত্রদল নেতা মাইদুল ইসলামের বিরুদ্ধে যৌতুক ও মাদকের টাকার জন্য নির্যাতন এবং হত্যার হুমকির অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের কাছে লিখিত অভিযোগ দেন তার স্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে জেবিন। এই অভিযোগের পর মঙ্গলবার (১৬ জুন) উম্মে জেবিনের কারণে প্রতারণার শিকার হওয়ার দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন ছাত্রদল নেতা বাপ্পি।

ফেসবুক পোস্টে বাপ্পি লেখেন, ‘আমি প্রতারণার শিকার। প্রেম ও বিয়েকে পুঁজি করে আমার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার জন্য বারবার মিথ্যা নাটক সাজিয়েছে জেবিন। সে যে আমার কাছে টাকা দাবি করে এবং জোরপূর্বক তালাক দিতে বাধ্য করতে চায়, সেসবের উপযুক্ত প্রমাণ আমার কাছে আছে। তার উদ্দেশ্যই হলো ফাঁদে ফেলে টাকা আদায় করা।’

এ ছাড়া বাপ্পি দাবি করেন, স্ত্রী জেবিনের আগের সম্পর্কের বিষয়ে বিয়ের আগে তিনি কিছুই জানতেন না। কিন্তু প্রতিবেদকের হাতে আসা একটি ভিডিও বার্তায় বাপ্পিকে জেবিনের উদ্দেশে বলতে শোনা যায়, ‘আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই বিয়ে করব। তোমার অতীত জেনেই আমি তোমার সাথে সম্পর্কে জড়িয়েছি।’

এর পাশাপাশি প্রতিবেদকের হাতে আসা ১১ মিনিটের একটি কল রেকর্ডেও স্ত্রীর অতীত সম্পর্কে জানার কথা স্বীকার করেছেন বাপ্পি। তবে ওই কল রেকর্ডের শেষপর্যায়ে বাপ্পি এই কথা অস্বীকার করলে জেবিনকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শও দিতে শোনা যায় তাঁকে। ভিডিও বার্তার বিষয়ে জানতে চাইলে বাপ্পি বলেন, ‘এই ভিডিও আমাকে জোর করে করানো হয়েছে। জেবিনের জোরাজুরিতে আমি তাকে এই ভিডিও পাঠিয়েছিলাম।’

এদিকে প্রতিবেদকের হাতে আসা ভিন্ন আরেকটি কল রেকর্ডে বিয়ের আগে সম্পর্ক ছিন্ন করার বিনিময়ে জেবিনকে ছাত্রদল নেতা বাপ্পির কাছে এক লাখ টাকা দাবি করতে শোনা যায়।

অতীত সম্পর্ক গোপন রাখা এবং প্রতারণার অভিযোগের বিষয়ে জেবিন এশিয়া পোস্টকে বলেন, ‘আমার অতীত সম্পর্কের বিষয়ে বাপ্পি জানত এবং সেটার প্রমাণও আমার কাছে আছে। সে আমাকে বিয়ের আশ্বাস দিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে রংপুরের লালবাগ এলাকায় ভাড়া বাসায় আমার সঙ্গে লিভ-ইন (বিয়েবহির্ভূত সহবস্থান) করেছে এবং শারীরিক সম্পর্ক গড়ে তুলেছে। পরে সে আমাকে বিয়ে না করে প্রতারণা করতে চেয়েছিল। পরে চাপে পড়ে বিয়ে করেছে।’

টাকা দাবির অডিওর বিষয়ে জেবিন বলেন, ‘আমি যখন বিয়ের কথা বলি, তখন সে বিয়ের খরচ হিসেবে মাত্র ১০ হাজার টাকা জোগাড় করতে না পারার অজুহাত দেয়। এতে ক্ষোভ থেকে রাগ করে আমি তাকে ওই কথা বলেছিলাম।’

প্রতিবেদকের হাতে আসা কল রেকর্ডেও বিয়ের আগে এই দুইজনের মধ্যে শারীরিক সম্পর্ক থাকার তথ্যের সত্যতা পাওয়া গেছে।

এদিকে স্ত্রীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার (১৬ জুন) সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত বেরোবি শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মাইদুল ইসলাম বাপ্পির সাংগঠনিক পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...