• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

খুলনায় ‘আম খেয়ে’ নারীর মৃত্যু, হাসপাতালে চারজন

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

খুলনার কয়রার আম খাওয়ার পর ডায়রিয়ায় আক্রান্ত হয়ে লতিকা সানা নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১০ জুন) বিকেলে উপজেলার মহারাজপুরের মঠবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একই পরিবারের আরও চারজন অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

এ ছাড়া অসুস্থরা হলেন একই পরিবারের তুলসি সানা, ইন্দ্রজিৎ সানা, বিবেকানন্দ সানা ও প্রকাশ সানা।

এলকাবাসী ও পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার (৯ জুন) রাতে পরিবারের পাঁচ সদস্য হায়াতখালী বাজার থেকে কেনা আম খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোর থেকে পেটের সমস্যায় ভুগতে শুরু করেন তারা। একপর্যায়ে অবস্থার অবনতি হলে ১০ জুন বিকেলে তাদের কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

লতিকা সানার আত্মীয় নিতিশ সানা বলেন, রাতে আম খাওয়ার পর পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবেই ঘুমিয়ে পড়েছিলেন। ভোর থেকে তাদের পেট খারাপ হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে।

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুজিত কুমার বৈদ্য বলেন, ডায়রিয়ায় আক্রান্ত পাঁচজনকে বুধবার বিকেলে হাসপাতালে আনা হলে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি চারজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত।

তিনি আরও বলেন, আমে মাত্রাতিরিক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করা হতে পারে। অথবা বাড়িতে সংরক্ষণের পর কোনোভাবে বিষাক্ত পদার্থের সংস্পর্শে আসতে পারে, যা খেয়ে তারা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...