• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

সংসদ ভবনে ফাটল, জামায়াত এমপির নোটিশ

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২২ জুন, ২০২৬

জাতীয় সংসদ ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে এবং বৃষ্টি হলে পানি চুইয়ে পড়ছে। দেশের সর্বোচ্চ এই আইন প্রণয়ন কেন্দ্রের এমন পরিস্থিতির কথা তুলে ধরে এর দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রাশেদুল ইসলাম রাশেদ।
সোমবার (২২ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে তিনি এ বিষয়ে একটি নোটিশ প্রদান করেন।
সংসদ সদস্য রাশেদুল ইসলাম তার নোটিশে বলেন, সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল দেখা দিয়েছে এবং বৃষ্টির পানি চুইয়ে পড়ার মতো অবকাঠামোগত ত্রুটি তৈরি হয়েছে। ভবনের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় এটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।
বিষয়টিকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ বিষয়ে প্রয়োজনীয় ও দ্রুত ব্যবস্থা নিতে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরকে অনুরোধ জানান। তবে নোটিশটি সংসদ সচিবালয়–সংক্রান্ত হওয়ায় বিধি অনুযায়ী তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি।
এদিকে সংসদের কার্যসূচির শুরুতে জামায়াতের আরেক সংসদ সদস্য মুজিবুর রহমান সংসদ সদস্যদের পরিচিতির বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, সংসদের চার মাস পার হতে চললেও এখনো অনেক সংসদ সদস্যের সঙ্গে সবার পরিচয় ঘটেনি। টেলিভিশন স্ক্রিনে সংসদীয় কার্যক্রম সম্প্রচারের সময় শুধু চেহারা দেখা যায় এবং বক্তব্য শোনা যায়, কিন্তু সংশ্লিষ্ট সদস্যের নাম বা নির্বাচনী এলাকা জানা যায় না। স্ক্রিনে নাম ও নির্বাচনী এলাকা দেখানো হলে সবার জন্য সুবিধা হয়।
পরে স্পিকার এই দাবিটিকে যুক্তিযুক্ত আখ্যা দিয়ে সংসদ সচিবালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। তিনি বলেন, এখন থেকে সংসদ সদস্যরা যখন বক্তব্য দেবেন, তখন টেলিভিশন স্ক্রিনে তাদের নাম ও নির্বাচনী এলাকা দেখানোর ব্যবস্থা করা হবে। তবে বিষয়টি বিশেষ অধিকারের আওতাভুক্ত না হওয়ায় এই নোটিশটিও আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...